সিপাহীপাড়ায় মুমূর্ষু রোগীর পাশে ‘সেবার ফেরিওয়ালা রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন নওশীন খান
মুন্সীগঞ্জের সিপাহীপাড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন থ্যালাসেমিয়া ও ক্যান্সার আক্রান্ত এক মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ‘সেবার ফেরিওয়ালা’ যুব সংঘের রক্তদান শাখার সদস্য নওশীন খান। জরুরি ভিত্তিতে রক্ত দিয়ে তিনি ওই রোগীর জীবন বাঁচাতে এগিয়ে আসেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ক্যান্সার ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ওই রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দ্রুত রক্ত দেওয়ার পরামর্শ দেন। তবে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও সময়মতো প্রয়োজনীয় রক্ত সংগ্রহ করতে হিমশিম খাচ্ছিল রোগীর পরিবার।
এমন সংকটময় মুহূর্তে খবর পেয়ে এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবার ফেরিওয়ালা’। সংগঠনের সক্রিয় সদস্য নওশীন খান দ্রুত সিপাহীপাড়ার হাসপাতালে পৌঁছে সরাসরি রক্তদান করেন।
রক্তদান শেষে নওশীন খান বলেন,
“থ্যালাসেমিয়া ও ক্যান্সারের মতো মরণব্যাধির বিরুদ্ধে লড়াই করা রোগীদের জন্য সময়মতো রক্ত পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে সামান্য ভূমিকা রাখতে পেরে আমি আনন্দিত। আমাদের ছোট্ট ত্যাগ যদি একটি পরিবারে স্বস্তি ফিরিয়ে আনতে পারে, তবেই আমাদের স্বেচ্ছাসেবা সার্থক।”
এ বিষয়ে ‘সেবার ফেরিওয়ালা’ রক্তদান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আর্তমানবতার সেবায় এবং মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা পূরণে তারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। নওশীন খানের এই মানবিক উদ্যোগ অন্যদেরও রক্তদানে উৎসাহিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে রোগীর পরিবার ও স্থানীয়রা নওশীন খানের এই মহৎ কাজের প্রশংসা করেছেন। তাদের মতে, তরুণ সমাজ এভাবে মানবতার সেবায় এগিয়ে এলে রক্তের অভাবে আর কোনো প্রাণ অকালে ঝরে পড়বে না।

আপনার মতামত লিখুন