মঞ্জু শেখ ফারুকের উদ্যোগে ৫ শতাধিক রোগীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ।
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আড়িয়ল ইউনিয়ন বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
আড়িয়ল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুকের উদ্যোগে ও নিউ মডার্ন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে নারী, পুরুষ ও শিশুদের দীর্ঘ উপস্থিতি লক্ষ্য করা যায়।
ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেন মেডিসিন, শিশু, ডায়াবেটিস, নাক-কান-গলা, চর্ম, যৌন ও এলার্জি রোগ বিষয়ে অভিজ্ঞ ডা. মোঃ টুটুল ঢালী। এছাড়াও গাইনি ও মেডিসিন রোগ বিশেষজ্ঞ এবং সনোলজিস্ট ডা. ফেরদৌসী আউয়াল নারী ও সাধারণ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসকরা রোগীদের বিভিন্ন স্বাস্থ্য পরামর্শও দেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলি নান্টু মাদবর। এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির ভূমি ও বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক রায়হান খান চুন্নু, বাণিজ্য বিষয়ক সম্পাদক সজল বেপারি, আড়িয়ল ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শরিফ ছৈয়াল, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির খলিফা হোসেন খলিফা, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য আলমগীর কবির একদিল, আড়িয়ল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ কাইয়ুম মাদবর, ৫নং ওয়ার্ড সদস্য মোঃ তোফাজ্জল শেখ, আড়িয়ল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ বাদশা মাদবর, স্বেচ্ছাসেবক দল নেতা জামাল বেপারি, শাহরিয়ার রাকিব, সাবেক ছাত্রদল নেতা মাসুম হোসাইন, সাগর হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামীণ এলাকায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের জন্য অনেক উপকারী। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে উপকৃত হয়েছেন।
আয়োজক মঞ্জু শেখ ফারুক জানান, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

আপনার মতামত লিখুন