টঙ্গীবাড়িতে নব কিরণ ক্লাব ও ছাত্রীদের কমন রুম উদ্বোধন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পুরা দুর্গাচরণ উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সংগঠন ‘নব কিরণ ক্লাব’ এবং ছাত্রীদের জন্য একটি কমন রুম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয় ফিতা কেটে ক্লাব ও কমন রুমের উদ্বোধন করেন টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল ইসলাম, যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু খান, যুবদল নেতা ওমর ফারুক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং নিরাপদ ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ‘নব কিরণ ক্লাব’ গঠন করা হয়েছে। পাশাপাশি ছাত্রীদের জন্য একটি পৃথক কমন রুম চালু করায় তারা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও স্বাস্থ্যসম্মত পরিবেশে সময় কাটানোর সুযোগ পাবে।
যশলং ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন