জাতীয় মানবাধিকার সম্মেলনে মুন্সীগঞ্জের প্রতিনিধিত্ব করলেন আব্দুল্লাহ ওযায়ের।
রাজধানীর বাংলামোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত ১২তম জাতীয় মানবাধিকার সম্মেলন-২০২৬-এ (12th National Human Rights Conference 2026) মুন্সীগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করেছেন টঙ্গীবাড়ী উপজেলার তরুণ মানবাধিকার কর্মী ও সাংবাদিক আব্দুল্লাহ ওযায়ের।
শনিবার (২৭ জুন) Human Rights Support Society (HRSS)-এর আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল “Empower Youth, Secure Rights”। দেশের বিভিন্ন জেলা থেকে আগত মানবাধিকার কর্মী, তরুণ নেতা, সাংবাদিক, গবেষক, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (BLAST)-এর সম্মানিত নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, HRSS-এর প্রধান উপদেষ্টা ও মানবাধিকার কর্মী মো. নুর খান, মায়ের ডাক-এর সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, অধিকার-এর পরিচালক সাজ্জাদ হোসেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (OHCHR) বাংলাদেশ অফিসের মানবাধিকার কর্মকর্তা মো. জাহিদ হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, এবং বাংলাদেশের হাইকোর্ট বিভাগের বিচারপতি ও গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সভাপতি বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম, যিনি দীর্ঘদিন ধরে সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের বিচার ও ন্যায়বিচারের দাবিতে সোচ্চার রয়েছেন।
সম্মেলনে মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিতকরণ, তরুণদের ক্ষমতায়ন, মতপ্রকাশের স্বাধীনতা এবং নাগরিক অধিকার রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা নিজ নিজ অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা তুলে ধরেন।
মুন্সীগঞ্জের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণকারী আব্দুল্লাহ ওযায়ের বর্তমানে Human Rights Defenders Society (HRDS) মুন্সীগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক (General Secretary) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করে নির্বাচনকালীন মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে সক্রিয় ভূমিকা রাখেন।
মানবাধিকার কার্যক্রমের পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশার সঙ্গেও সম্পৃক্ত এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে আসছেন। এছাড়াও তিনি একাধিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
সম্মেলন শেষে আব্দুল্লাহ ওযায়ের বলেন, “জাতীয় পর্যায়ের এই সম্মেলনে মুন্সীগঞ্জের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। দেশের শীর্ষ মানবাধিকার বিশেষজ্ঞ, আইনজীবী ও নীতিনির্ধারকদের বক্তব্য থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। এই অভিজ্ঞতা মুন্সীগঞ্জে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের অধিকার রক্ষায় কাজে লাগানোর চেষ্টা করব।”
জাতীয় এ সম্মেলনে আব্দুল্লাহ ওযায়েরের অংশগ্রহণকে মুন্সীগঞ্জের জন্য একটি ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন জেলার মানবাধিকারকর্মী ও সচেতন মহল।





আপনার মতামত লিখুন