কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বেদে পল্লীতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
গতকাল ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ বিকেল ৪টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ৭ নম্বর ওয়ার্ডের বেদে পল্লীতে বেদে সম্প্রদায়ের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. কবির উদ্দিন, উপজেলা সমন্বয়কারী লিয়াকত হোসেন ও মো. সালাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বলহরি বাড়ই এবং ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নজরুল ইসলাম।
সভায় গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া, এর সুবিধাসমূহ, কার্যপরিধি ও সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরা হয়।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা জানান, ইউনিয়ন পরিষদের এসব কার্যক্রম সম্পর্কে তারা আগে অবগত ছিলেন না। বিশেষ করে গ্রাম আদালতের মতো কার্যকর ও সহজলভ্য একটি বিচার ব্যবস্থা ইউনিয়ন পর্যায়ে রয়েছে—এ বিষয়টি তারা এই প্রথম জানতে পেরেছেন। ভবিষ্যতে কোনো সমস্যা হলে তারা ইউনিয়ন পরিষদের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন