টঙ্গীবাড়ীতে শুরু হলো হাম-রুবেলা বিশেষ টিকাদান কর্মসূচি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় হাম ও রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (২০ এপ্রিল) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায়, স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২৪ হাজার ৭৩৯ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত মোট ১১ কার্যদিবসে টিকাদান কার্যক্রম চলবে। কর্মসূচির শুরুতে প্রথম তিন দিন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে টিকা দেওয়া হবে। পাশাপাশি প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও নিয়মিত টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে শতভাগ শিশুকে টিকার আওতায় আনা অত্যন্ত জরুরি। তারা অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে সুষ্ঠু ও শৃঙ্খল পরিবেশে কার্যক্রম সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. নূরে আলম সিদ্দিকী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হারুন আল রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন, ডা. কানিজ ফাতেমা, ডা. লিমন দেওয়ান, ডা. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন