মুন্সীগঞ্জে আলামিন বেপারী চুন্নুর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সাবেক শিলই ইউনিয়ন বিএনপির সভাপতি আলামিন বেপারী চুন্নুর উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) বিকেলে শিলই ইউনিয়নের পূর্বরাখি গ্রামের ৯৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকার ভোটাররা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলামিন বেপারী চুন্নু বলেন, “জনগণ চাইলে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবো। নদীবেষ্টিত এ এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, নদীভাঙন রোধ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করবো। জনগণের পাশে থেকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”
এ সময় স্থানীয় বাসিন্দারাও এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা তুলে ধরেন। পরে সম্ভাব্য এ চেয়ারম্যান প্রার্থী উপস্থিত ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ইসমাইল বেপারী ও ইয়াসিন বেপারী, ইউপি সদস্য দ্বীন মোহাম্মদ বেপারী, সমাজসেবক মোতালেব খান ও আজগর সরদার, বিশিষ্ট ব্যবসায়ী মো. ফরহাদ হোসেন বেপারী, ইতালি প্রবাসী মাসুদ বেপারী, বায়তুল মোকাররমের জুয়েলারি ব্যবসায়ী রিফাত বেপারী এবং পলাশ বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আপনার মতামত লিখুন