মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এসএসডি মেধা বৃত্তি ২০২৫-এর পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে সোসাইটি ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এসএসডি)।
অনুষ্ঠানে মোট ২১ জন শিক্ষার্থীকে সনদপত্র ও বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়। শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএসডির সভাপতি ইঞ্জিনিয়ার শরিফ উল আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য, কৃতী শিক্ষার্থীর বক্তব্য, অভিভাবক ও শিক্ষক প্রতিনিধির বক্তব্য এবং অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হয়। শেষে শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এসএসডির এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
শিক্ষার্থীদের এমন স্বীকৃতি তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং ভবিষ্যতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।