আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ

এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও যানজট নিরসনের দাবিতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি হরগঙ্গা কলেজ শাখা।

মঙ্গলবার (১ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের উদ্দেশ্যে দেওয়া স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, আগামী ২ জুলাই থেকে দেশব্যাপী একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। মুন্সীগঞ্জ জেলার হাজারো পরীক্ষার্থী এ গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় অংশ নেবে। তাই শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে কয়েকটি জরুরি বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পরীক্ষার আগের রাত এবং পরীক্ষা চলাকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক বিঘ্ন ঘটে। পাশাপাশি প্রচণ্ড গরমে বিদ্যুৎ বিভ্রাট পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে বিপাকে ফেলে, যা পরীক্ষার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এছাড়া জেলার প্রধান সড়ক এবং বিভিন্ন পরীক্ষা কেন্দ্রসংলগ্ন এলাকায় যানজট শিক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছাতে বাধাগ্রস্ত করে। এতে তারা অযথা মানসিক চাপের মুখে পড়ে, যা তাদের পরীক্ষার পারফরম্যান্সেও বিরূপ প্রভাব ফেলতে পারে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এ প্রেক্ষাপটে জেলা প্রশাসনের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

  • পরীক্ষা চলাকালীন সময় এবং আগের রাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
  • পরীক্ষা কেন্দ্রসংলগ্ন সড়কে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা।
  • কেন্দ্রের আশপাশে সব ধরনের অবৈধ পার্কিং ও যান চলাচলের প্রতিবন্ধকতা অপসারণ করা।
  • প্রয়োজনে অস্থায়ী ইউ-টার্ন চালু এবং বিকল্প সড়ক ব্যবহারের মাধ্যমে যানবাহন চলাচলের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
  • পরীক্ষার্থীবাহী যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে চলাচলের সুযোগ নিশ্চিত করা।
  • গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করে ন্যায্য ভাড়া নিশ্চিত করা।

স্মারকলিপির শেষাংশে শিক্ষার্থীদের সার্বিক স্বার্থ বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানানো হয়। এতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে পরীক্ষার্থীরা আরও স্বস্তি ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে পারবে।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি হরগঙ্গা কলেজ শাখার সভাপতি আজিজুল হাকিম। এ সময় উপস্থিত ছিলেন কলেজ শাখার সেক্রেটারি ইব্রাহীম খলিলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।