ছেলে রুদ্রদীপের জন্মদিনকে স্বরণীয় করে রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তার – বাবা মা। জন্মদিন উপলক্ষে ৫ দিন ব্যাপী টংগিবাড়ীতে স্কুল ও পথচলতি পথে ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের হাতে গাছের চারা বিতরণ করেছেন এই দম্পতি। এক বছর নয়, দুই বছর নয় -টানা ৮ বছর ধরে ছেলে রুদ্রদীপ পালের জন্মদিনে গাছের চারা বিতরণ করে আসছেন বাবা ফিচার লেখক ও সংগঠক রাজীব পাল রনী ও মা পূর্ণিমা পাল। উদ্দেশ্য একটাই পরিবেশ বাঁচানোর দায়বদ্ধতা শিশুমনেই বুনে দেওয়া। ছেলেটির জন্ম ২৮ নভেম্বর। যেদিন থেকে রুদ্রদীপের জন্ম, সেদিন থেকেই শুরু এই সবুজের উপহার এই ব্যতিক্রমী উদ্যোগ। ছেলের ৮ম জন্মদিন উপলক্ষে রুদ্রদীপকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন চারা হাতে। সঙ্গে থাকে জাম, কাঁঠাল, নিম, কৃষ্ণচূড়া, সোনালু পেয়েরা, বহেরা, হরতকি, চালতা, বকুল, কাগজি লেবু, বেল, মেহগনিসহ বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। এ কর্মসূচীর অংশ হিসেবে এবার রুদ্রদীপ নিজ হাতে টংগিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া মোহদয়কে ‘সবুজের উপহার’ ফলজ গাছের চারা উপহার দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ” রুদ্রদীপের মতো ছোট একটি শিশুর জন্মদিনে গাছের চারা বিতরণের এই উদ্যােগ সত্যিই প্রশংসনীয়। ৮ বছর ধরে একটানা এই কাজ করে যাওয়া একটি মহৎ দৃষ্টান্ত “।  তিনি আরও বলেন, আমি আশা করি এই উদ্যোগ দেখে অন্যরাও অনুপ্রাণিত হবে এবং নিজেদের আনন্দের দিনগুলোতে গাছের চারা উপহার দেবে। তিনি রুদ্রকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
 
চারা উপহার পেয়ে ছাত্র- ছাত্রীরা ছিল ভীষণ খুশি। অনেকেই চারা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।  দ্বিতীয় শ্রেণির ছাত্রী আফিয়া বলে, – জন্মদিনে সাধারণত চকলেট বা কেক পাই। আজ গাছের চারা পেয়ে ভালো লাগছে। এই গাছটা বাড়িতে লাগাব”। আরেক ছাত্র সাবির হোসেন বলেন, আমার বন্ধুর জন্মদিনে গাছ পেলাম,  এটা আমার কাছে সেরা উপহার। 
ছেলেটির বাবা বলেন, আমরা চাই আমাদের সন্তান যেমন বড় হবে,  তেমনি এই গাছগুলোও ধিরে ধিরে
বড় হবে। ছেলের জন্মদিনে আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আর গাছ লাগালে পরিবেশ ও অক্সিজেন দিয়ে  মানুষের জীবন রক্ষা করে।

রুদ্রদীপ এর মা পূর্ণিমা পাল বলেন,  সন্তানকে ছোটবেলা থেকেই গাছকে ভালোবাসতে শেখাতে চাই। জন্মদিনে একটি ভালো কাজ করলে সন্তানের মনে সারা জীবন ভালো কাজ এর প্রভাব থাকবে। শুধু জন্মদিনে নয়, ৮ বছরে  প্রিয়জনদের আনন্দের দিনে সারাবছর এ পর্যন্ত  হাজার হাজার গাছের চারা উপহার দিয়েছেন তারা । এই দম্পতি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ওর প্রতিটি জন্মদিনে আমরা পরিবেশকে সুন্দর রাখতে গাছের চারা বিতরণ করব। স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা এই উদ্যােগকে সাধুবাদ জানিয়েছেন।

রুদ্রদীপ পাল বিভিন্ন প্রতিভার অধিকারী। খুদে লেখক তিনি । তিনি যুগান্তর, কালের কন্ঠ, প্রথম আলো, সমকাল, ইত্তেফাক, আমাদের সময়, দেশ রুপান্তরসহ  বাংলাদেশের বিভিন্ন জাতীয় পত্রিকার শিশু- কিশোর সাহিত্য সাময়িকীকে তার কবিতা ও লেখা ছাপা হয়েছে।