গ্যালারিভর্তি দর্শকের উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। উদ্বোধনী ম্যাচে মিরকাদিম পৌরসভাকে ২-০ গোলে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে টঙ্গীবাড়ি উপজেলা দল।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। জেলার ছয়টি উপজেলা ও দুটি পৌরসভা এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ মো. শামীম আহসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেনসহ জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা, জেলা ক্রীড়া সংস্থা ও অংশগ্রহণকারী দলগুলোর পতাকা উত্তোলন করা হয়। পরে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি ও অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন করা হয়। বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে টঙ্গিবাড়ী উপজেলা দল। দুই দলের খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্যে টঙ্গিবাড়ী দুই গোল করে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টঙ্গিবাড়ী।

খেলা দেখতে বিকেল থেকেই স্টেডিয়ামে দর্শকদের ভিড় বাড়তে থাকে। একপর্যায়ে গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রিয় দলের সমর্থনে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো স্টেডিয়াম মুখর হয়ে ওঠে।

আয়োজকেরা জানান, উপজেলা ও পৌরসভা পর্যায়ের খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং ক্রীড়াক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা ও পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৪ আগস্ট।