মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানায় এক ব্যক্তিকে বিদেশে পাঠানোর নামে প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী মো. মোশারফ শেখ (৪০) অভিযোগে উল্লেখ করেন, তিনি দালালের মাধ্যমে লিবিয়ায় যাওয়ার পর সেখানে সমস্যায় পড়ে দেশে ফিরে আসেন। তার দাবি, বিদেশে পাঠানোর জন্য নেওয়া টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তিরা তা দিতে অস্বীকৃতি জানান এবং তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দেন।
অভিযোগে আরও বলা হয়, গত ২৮ জুলাই ২০২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে টঙ্গিবাড়ী থানার অন্তর্গত এলাকায় অভিযুক্তদের বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যেতে বলা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন অভিযোগকারী মো. মোশারফ শেখ। অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানা গেছে।