মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বলই ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে ২৫০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মাদরাসার নবগঠিত ম্যানেজিং কমিটির উদ্যোগে এসব চারা বিতরণ করা হয়।

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টায় মাদরাসার হলরুমে শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বলই ইসলামিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি পাপিয়া ইসলাম, বিদ্যুৎসাহী সদস্য অ্যাডভোকেট এইচ এম মাসুম, মাদরাসার সুপার মো. আব্দুল হাকিম, সহকারী সুপার মুহাম্মদ মকবুল হোসেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

ম্যানেজিং কমিটির সভাপতি পাপিয়া ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও পরিবেশের প্রতিও সচেতন হতে হবে। আমরা মাদরাসার মানোন্নয়নে সার্বিক সহযোগিতা করব। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে ধৈর্যসহকারে পড়া বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা পড়াশোনায় দুর্বল, সম্ভব হলে তাদের আলাদাভাবে সময় দিতে হবে। প্রতিটি শিক্ষার্থী যেন পড়াশোনায় মনোযোগী হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘আজ শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে তারা পরিবেশের প্রতি সচেতন হবে।’

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের মাধ্যমে পরিবেশের প্রতি সচেতনতা তৈরি এবং বাড়ি ও আশপাশের এলাকায় বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।