মুন্সিগঞ্জ এর টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহাদ হোসেন প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।

রোববার (১২ জুলাই) প্রকাশিত ফলাফলে দেখা যায়, ট্যালেন্টপুল ক্যাটাগরিতে বৃত্তি লাভ করেছে ফাহাদ হোসেন। সে আড়িয়ল ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ফাহাদ ফরহাদ হোসাইন ও রিনা আক্তার দম্পতির একমাত্র সন্তান।

এর আগে, ইউনূস কল্যাণ ট্রাস্ট মেধা বৃত্তি-২০২৫-এও সে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল। ধারাবাহিক এই সাফল্যে পরিবার, বিদ্যালয় এবং স্থানীয়দের প্রত্যাশা আরও বেড়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফলাফলে তার এ কৃতিত্বে বিদ্যালয়জুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়রা ফাহাদকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর কবির বলেন,
“ফাহাদের এই সাফল্য আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। তার অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতেও সে আরও বড় সাফল্য অর্জন করবে এবং বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।”

টঙ্গীবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন বলেন,
“ফাহাদের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন নিঃসন্দেহে একটি আনন্দের সংবাদ। এটি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বিদ্যালয় ও উপজেলার জন্যও গর্বের বিষয়। অন্যান্য শিক্ষার্থীরাও এ সাফল্য থেকে অনুপ্রাণিত হবে বলে আমি বিশ্বাস করি।”