মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মান্দ্রা গ্রামবাসীর উদ্যোগে শুক্রবার (১০ জুলাই) মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ি” স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক সাধারণ জনগণ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজব্যবস্থাকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মো. সেলিম। তিনি বলেন, এলাকাবাসী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে আইনসম্মতভাবে প্রতিরোধ গড়ে তুলতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনের পরিচালক জাহিদ হাসান বলেন, মাদক দীর্ঘদিন ধরে সমাজে একটি ভয়াবহ ব্যাধি হিসেবে বিস্তার লাভ করেছে। এ অভিশাপ থেকে মুক্তি পেতেই গ্রামবাসী আজ ঐক্যবদ্ধ হয়েছেন। তিনি আরও বলেন, মাদকাসক্তরা আমাদেরই ভাই, বন্ধু ও আত্মীয়স্বজন; তাই তাঁদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পরিবার ও সমাজকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি মাদকের বিস্তার রোধে সকলকে সচেতন ও সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ জনগণ বলেন, করোনা মহামারির সময় যেমন সবাই সচেতন ছিলেন, তেমনি মাদকের বিরুদ্ধেও সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। কর্মসূচি শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।