মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শনিবার (২৭ জুন) দুপুর ১টায় দেশের ঐতিহ্যবাহী নারী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া লিল বানাত সোনারং আদর্শ মহিলা মাদ্রাসায় সাবেক বস্ত্র ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী, মুন্সীগঞ্জ-২ আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মরহুম মিজানুর রহমান সিনহার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জামিয়া আরাবিয়া লিল বানাত সোনারং আদর্শ মহিলা মাদ্রাসার পরিচালক ও প্রিন্সিপাল কাজী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, মরহুম মিজানুর রহমান সিনহা রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। সাধারণ মানুষের কল্যাণে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। পাশাপাশি তিনি এ মাদ্রাসার উন্নয়ন ও বিভিন্ন সহযোগিতামূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার শায়খুল হাদিস, পীরে কামেল হযরত মাওলানা আল্লামা সাইফুল্লাহ সাহেব।
এ সময় মাদ্রাসার প্রায় ২০০ জন শিক্ষক-শিক্ষিকা এবং প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এছাড়াও দোয়া মাহফিলে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি মরহুমের পরিবারের উদ্যোগে আয়োজন করা হয় এবং এতে সহযোগিতা করে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।