দেশের বিভিন্ন স্থানে যখন মানুষ বিভিন্ন দেশের পতাকা সংগ্রহ ও প্রদর্শনে ব্যস্ত, ঠিক সেই সময়ে ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে আল-ইনসাফ যুব সংগঠন। ইসলামের আদর্শ, ধর্মীয় চেতনা এবং নৈতিক মূল্যবোধ সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সংগঠনটির উদ্যোগে পশ্চিম খোলাগাঁও থেকে হাসাইল বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কালেমাখচিত পতাকা স্থাপন করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত প্রায় ১০০টি কালেমাখচিত পতাকা সড়কের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে আরও বিভিন্ন এলাকায় এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, মুফতি নাহিদ ইসলাম, নাঈম সর্দার, রিজওয়ান, মনির হোসেন, সাগর , সিজান, নিবর, অভি, হাসানসহ আল-ইনসাফ যুব সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের সদস্য রায়হান বেপারী বলেন, “আল-ইনসাফ যুব সংগঠন প্রতিবছর বিভিন্ন মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় এ বছরও মানবসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি ইসলামের পরিচয়, ধর্মীয় চেতনা এবং নৈতিক মূল্যবোধ সমাজে ছড়িয়ে দিতে কালেমাখচিত পতাকা স্থাপনের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা চাই, সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতার বার্তা আরও বিস্তৃতভাবে পৌঁছে যাক।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও সংগঠনটি মানবকল্যাণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
স্থানীয় বাসিন্দাদের মতে, তরুণদের এমন ইতিবাচক ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ সমাজে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মকে মানবিক ও সামাজিক কাজে আরও বেশি সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।