মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আসছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা এবং আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি সমর্থকদের ভালোবাসা তুলে ধরতে নির্মিতব্য একটি তথ্যচিত্রের শ্যুটিংয়ে অংশ নিতেই তার এ সফর।

জানা গেছে, আগামী শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে তিনি শিমুলিয়া ঘাট এলাকায় পৌঁছাবেন। সেখানে তথ্যচিত্রের শ্যুটিং শেষে পদ্মা নদীতে ভ্রমণসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশের নদী, জনজীবন এবং ফুটবলপ্রেমী মানুষের আবেগ ও উন্মাদনাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার লক্ষ্যেই এ তথ্যচিত্র নির্মাণ করা হচ্ছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ শিমুলিয়া ঘাট ও পদ্মা নদীর নান্দনিক পরিবেশও এতে স্থান পাবে বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্রদূতের আগমনকে কেন্দ্র করে শিমুলিয়া ঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মুন্সিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মুন্সিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, আর্জেন্টিনার রাষ্ট্রদূত শুক্রবার বিকেলে শিমুলিয়া ঘাটে আসবেন। তার সফর নির্বিঘ্ন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।