টঙ্গীবাড়ীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞামুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তের আলোকে উপজেলা প্রশাসন এ নির্দেশনা জারি করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মোবাইল ফোন আসক্তি কমানো, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৪ জুন অনুষ্ঠিত উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা শেষে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
২৫ জুন জারি করা এক অফিস আদেশে বলা হয়, টঙ্গীবাড়ী উপজেলার আওতাধীন সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ থাকবে। কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে শিক্ষার্থীর অভিভাবককে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এ নির্দেশনার অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মোবাইল নির্ভরতা কমিয়ে শিক্ষা কার্যক্রমে অধিক মনোযোগী করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।