মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা জারি করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।

মঙ্গলবার (২৪ জুন) জারি করা এক অফিস আদেশে জানানো হয়, শিক্ষার্থীদের মোবাইল ফোন আসক্তি দূর করা এবং লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি করে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত ২৪ জুন অনুষ্ঠিত উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, টঙ্গীবাড়ী উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ থাকবে। কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর অভিভাবককে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্ত তাহমিনা আক্তার স্বাক্ষরিত এ নির্দেশনার অনুলিপি মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়েছে।

এতে সহমত ও একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় গন্যমান্য এবং সচেতন সাধারণ জনগণ ।