মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব হাসাইল এলাকায় পদ্মা নদীর তীর রক্ষায় বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। তবে কাজ চলাকালে সেখানে পানি উন্নয়ন বোর্ডের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর পাড়ে বালুভর্তি জিওব্যাগ ফেলার কাজ চলছে। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে ঘটনাস্থলে দেখা যায়নি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শামীম নামের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান সিগমা ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিনিধি প্রকৌশলী মো. শামীম বলেন, “পানি উন্নয়ন বোর্ডের অনুমোদনক্রমেই জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ পরিচালিত হচ্ছে। তবে কাজের সময় বোর্ডের একজন প্রতিনিধি উপস্থিত থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন।”

মোবাইল ফোনে ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার মো. রাসেল বলেন, “আমাদের পক্ষ থেকে কাজ তদারকির জন্য লোক উপস্থিত রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের কোনো প্রতিনিধি কেন উপস্থিত নেই, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই ভালো বলতে পারবে।”

এ বিষয়ে মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. জামাল খান বলেন, “আমাদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রেজা মহসিন বর্তমানে দিঘিরপাড় এলাকায় রয়েছেন। তিনি বিকেলে ঘটনাস্থলে যাবেন।”

তবে কাজ চলাকালে তদারকি কর্মকর্তা উপস্থিত না থাকায় প্রকল্পের মান ও স্বচ্ছতা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।