মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) আড়িয়ল ইউনিয়ন পরিষদ প্রঙ্গণে র‍্যালী , আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উপজেলা সমন্বয়কারী লিয়াকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়িয়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হাওলাদার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মিনহাজ উল্লাহ, সংরক্ষিত নারী সদস্য ঝুনু আক্তার, সদস্য জামাল হোসেন, আব্দুস ছাত্তার শেখ, আঃ কাইয়ুম মাদবর, মো. তোফাজ্জল শেখ ও আলী আহাম্মদ নওয়াব, রুহুল আমিন হাওলাদার, হিসাবরক্ষক মো. রিয়াজুল ইসলাম এবং আনসার ও ভিডিপি দলনেতা অনিক শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচিতে আড়িয়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হাওলাদার বলেন, “গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারসেবা পৌঁছে দিচ্ছে। পারিবারিক ও ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে এ ধরনের প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, গ্রাম আদালতের সেবা গ্রহণের মাধ্যমে মানুষ সময় ও অর্থ সাশ্রয় করতে পারে এবং স্থানীয় পর্যায়েই অনেক সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব হয়।