দেশ সংস্কার, জননিরাপত্তা, ন্যায়বিচার, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের লক্ষ্য নিয়ে “নিরাপত্তাই আগে (Safety First)” শিরোনামে একটি তাত্ত্বিক প্রশিক্ষণভিত্তিক বই প্রকাশ করেছেন লেখক আল আমিন হাওলাদার। বইটি প্রকাশ করেছে “লোকমান প্রকাশনী”।

বইটিতে দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে জনগণের জীবনযাত্রা সহজ ও নিরাপদ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। এতে “Life-Saving Rules” ধারণাকে সামনে রেখে সুস্বাস্থ্য, ন্যায়বিচার, শিল্প-কারখানার উন্নয়ন, যানজট নিরসন, অগ্নি নিরাপত্তা, ড্রেনেজ ব্যবস্থা, খাদ্যে ভেজাল, দুর্নীতি, সুদ-ঘুষ, চিকিৎসা ব্যবস্থার দুর্বলতা, শিক্ষা সংকট এবং ধর্মীয় নিরাপত্তাসহ নানা বিষয় স্থান পেয়েছে।

লেখকের ভাষ্যমতে, রাজনৈতিক জটিলতা ও দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ মৌলিক সমস্যার সমাধান থেকে বঞ্চিত হচ্ছে। তিনি মনে করেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশে যুগোপযোগী শিল্পায়ন, উন্নত শিক্ষা ব্যবস্থা, আধুনিক চিকিৎসা ও মানুষের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হয়নি।

বইটিতে দেশের অর্থনৈতিক বৈষম্য নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। লেখক দাবি করেন, দেশের সম্পদ একটি ছোট গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে পড়ায় দরিদ্র জনগোষ্ঠী আরও অসহায় হয়ে যাচ্ছে। পাশাপাশি মানি লন্ডারিং, দুর্নীতি ও রাজনৈতিক স্বার্থবাদিতাকে দেশের উন্নয়নের অন্যতম বড় বাধা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিশ্বমানের শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলা, প্রশাসনিক নিরাপত্তা জোরদার করা এবং দক্ষ ও আদর্শিক নাগরিক গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে বইটিতে।

লেখক আল আমিন হাওলাদার বলেন, “একটি নিরাপদ, সুশৃঙ্খল, শিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী জাতি গঠনের জন্য আগাগোড়া পরিবর্তন প্রয়োজন। সেই লক্ষ্য নিয়েই ‘নিরাপত্তাই আগে’ বইটি প্রকাশ করা হয়েছে।”

বইটিতে সমাজের অবক্ষয়, ধর্ষণ, চাঁদাবাজি, অন্যায়-অত্যাচার, বিচারহীনতা ও রাজনৈতিক ব্যর্থতার বিষয়গুলোও তুলে ধরা হয়েছে। লেখকের মতে, জনদুর্ভোগ নিরসনে বাস্তবমুখী পরিকল্পনা ও সৎ নেতৃত্বের বিকল্প নেই।