মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) এর উদ্যোক্তা সবুজ হোসেন ২০১৪ সাল থেকে নিষ্ঠার সঙ্গে সাধারণ মানুষকে বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করে আসছেন। তথ্য ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন এই উদ্যোক্তা প্রতিদিন ইউনিয়ন পরিষদে আগত মানুষের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
জন্মনিবন্ধন আবেদন, অনলাইন বিভিন্ন আবেদন, বিভিন্ন সরকারি ফরম পূরণ, তথ্য সংশোধনসহ নানা ধরনের ডিজিটাল সেবা নিতে প্রতিদিনই ইউনিয়ন পরিষদে আসেন সাধারণ মানুষ। আর তাদের এসব সেবা দ্রুত ও সহজভাবে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করেন সবুজ।
ইউডিসি থেকে পাওয়া আয়ের মাধ্যমেই চলে তার জীবনের চাকা। তবে অর্থ উপার্জনের চেয়েও মানুষের মুখে হাসি ফোটানোতেই তিনি বেশি আনন্দ খুঁজে পান।
সবুজ বলেন, “মানুষকে সেবা দেওয়ার পর তাদের মুখে যে হাসি ফুটে ওঠে, সেটা টাকা দিয়ে কখনো কেনা সম্ভব না। মানুষের উপকার করতে পারলেই নিজের কাছে ভালো লাগে।”
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করায় সবুজ ইতোমধ্যে এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন। ডিজিটাল সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তার ভূমিকা প্রশংসনীয়।