মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার। মঙ্গলবার (২০ মে) অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ইউএনও গ্রাম আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ভিজিএফ কর্মসূচির সার্বিক অগ্রগতি ও উপকারভোগীদের বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন। এছাড়াও তিনি আব্দুল্লাপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করে সেখানে প্রদানকৃত সেবাসমূহ সম্পর্কে অবহিত হন।
এসময় তিনি ইউনিয়ন পরিষদে আগত সেবা প্রত্যাশীদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও সেবাপ্রাপ্তির বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন। পাশাপাশি জনসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও গ্রাম পুলিশ সদস্যরা।
স্থানীয়রা জানান, উপজেলা নির্বাহী অফিসারের এ ধরনের সরেজমিন পরিদর্শন ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সহায়ক ভূমিকা রাখবে।