নিজস্ব প্রতিবেদক:
তরুণ প্রতিভা কারিনা কায়সারের দ্বিতীয় জানাজা আজ বাদ এশা বনানী দরবার শরিফে অনুষ্ঠিত হবে। পরে রাত ১০টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সোমবার বাদ ফজর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। পরে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়।

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেন এবং লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কাছে হার মানেন এই তরুণ প্রতিভা।