মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের বেজগাঁও বাজারে প্রবীণদের স্বাস্থ্যসেবা কার্যক্রম ‘প্রবীণ কল্যাণ কর্মসূচি’র আওতায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর আয়োজনে এবং বেজগাঁও ইউনিয়ন প্রবীণ কল্যাণ সংঘের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে ডা. টুটুল ঢালী শতাধিক বিভিন্ন বয়সী নারী-পুরুষ রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। তিনি রোগীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার বিষয়ে পরামর্শ প্রদান করেন এবং প্রাথমিক চিকিৎসা সেবা দেন।
স্বাস্থ্যসেবা নিতে আসা মো. গোলাপ পাঠান (৭০) বলেন, “এখানে ধনী-গরিব সবাই চিকিৎসা নিতে পারছে। আমিও এই সেবার মাধ্যমে ডায়াবেটিসের চিকিৎসা নিতে এসেছি।”
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ কল্যাণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার জয় সরকার, লৌহজং উপজেলা প্রবীণ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মো. আজাহার হোসেন ঢালী, মহিলা বিষয়ক সম্পাদক সালমা পারভেজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন, বেজগাঁও ইউনিয়ন প্রবীণ কল্যাণ সংঘের প্রচার সম্পাদক মো. শাহ আলম হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।