মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৫৩ লাখ টাকার বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে। জাটকা সংরক্ষণ ও অবৈধ পরিবহন রোধে পরিচালিত এ অভিযানে ৭ হাজার ৫৯০ কেজি জাটকা উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের গজারিয়া স্টেশন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৬টায় এ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড স্টেশন গজারিয়া কর্তৃক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন ভবেরচর–বাউশিয়া সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন সন্দেহজনক অবস্থায় থাকা দুটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে বিপুল পরিমাণ জাটকা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ১৩ হাজার টাকা। তাৎক্ষণিকভাবে জাটকাগুলো জব্দ করা হয় এবং পরিবহনে ব্যবহৃত ট্রাক দুটি আটক করা হয়।

পরবর্তীতে ট্রাক চালক ও হেলপারদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করে মানবিক বিবেচনায় তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জব্দকৃত জাটকা পরে গজারিয়া উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায়-দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা, জাটকা নিধন বন্ধ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে তারা জানান।

এদিকে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ জাটকা সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে এবং অবৈধ মাছ আহরণ ও পরিবহনের বিরুদ্ধে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, নদী ও উপকূলীয় অঞ্চলে মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান চলমান থাকবে।