নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশীপুর এলাকায় সম্প্রতি তিনজন দুর্বৃত্তের বিরুদ্ধে একটি গুরুতর ভূমি দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন—ওয়াহিদ, ফারুক ও রোমান। অভিযোগ অনুযায়ী, তারা অবৈধভাবে স্থানীয় একটি যৌথ মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের নানা কর্মকাণ্ডে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী মালিকপক্ষের দাবি, প্রায় ১৫ বছর ধরে তারা ওই জমিতে বিভিন্ন ফলমূল ও ফসলের চাষাবাদ করে আসছেন। তবে সম্প্রতি অভিযুক্তরা জমির চলাচলের রাস্তা অবৈধভাবে দেয়াল নির্মাণ করে বন্ধ করে দেয়।

এ ঘটনায় গত ১০ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে কাশীপুরের উত্তর গোয়ালবন্দ কলেজ রোড এলাকায় উক্ত জমিতে মালিকপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা কারো কথায় গুরুত্ব না দিয়ে জোরপূর্বক তাদের নির্ধারিত দামে জমি কিনে নেওয়ার প্রস্তাব দেয়।

মালিকপক্ষ ওই প্রস্তাবে রাজি না হলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এমনকি নির্ধারিত দামে জমি বিক্রি না করলে জমি ভোগদখলে বাধা দেওয়া হবে এবং চলাচলের পথ বন্ধ করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, থানা-পুলিশ করলে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। ভুক্তভোগীরা প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।