মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় সড়কের পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এক তরুণ।

জানা যায়, সোমবার সকালে টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও বাজার এলাকার ফল ব্যবসায়ী মোঃ সবুজ দেওয়ান (মানবিক সাব্বিরের ভাই) ফোন করে জানান, বটতলা ব্রিজের পাশে এক নারীকে মৃত মনে করে পড়ে থাকতে দেখা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান আউটশাহী ইউনিয়নের তস্তিপুর গ্রামের বাসিন্দা মোঃ মজিবর দেওয়ানের ছেলে সাব্বির দেওয়ান মায়া।

সরেজমিনে গিয়ে তিনি দেখতে পান, ওই নারী মৃত নন; বরং গুরুতর অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন অবস্থায় ব্রিজের পাশে অসহায়ের মতো পড়ে আছেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি প্রথমে থানায় যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো সহায়তা পাননি। একইভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেও প্রয়োজনীয় সহযোগিতা না পেয়ে মানবিক দায়িত্ববোধ থেকেই নিজ উদ্যোগে ওই নারীকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে জানানো হয়েছে, প্রয়োজন হলে মঙ্গলবার অপারেশন করা হতে পারে।

উদ্ধারকারী সাব্বির দেওয়ান মায়া বলেন,
“রাস্তায় পড়ে থাকা ওই নারীর অবস্থা দেখে হৃদয়টা কেঁদে উঠেছে। মানুষ হিসেবে মনে হয়েছে, তাকে এভাবে ফেলে রাখা যায় না। তাই নিজের সামর্থ্য অনুযায়ী দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেছি। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। আমি আগেও মানুষের জন্য কাজ করেছি, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ চালিয়ে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”

স্থানীয়দের মতে, একজন সম্পূর্ণ অচেনা, অসহায় নারীর জীবন বাঁচাতে সাব্বির দেওয়ান মায়ার এই উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। তার এই কাজ নিঃসন্দেহে অন্যদেরও মানবতার পথে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।