মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে মানবসেবামূলক সংগঠন টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমাদান উপলক্ষে দ্বিতীয়বারের মতো ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ ইফতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা শাহিন শেখের সভাপতিত্বে টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আবু বক্কর শেখ, আহাদ দেওয়ান, শান্ত, সিফাত, রায়হান, নিশাদ ভূঁইয়া, জাহিদ হোসেন, নিরব খান, তুষার ইমরান, শামিম শেখ, সিহাব, ইরফান, রিয়নসহ আরও অনেক সদস্য।

এছাড়াও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপস্থিত সংগঠনগুলোর মধ্যে ছিল বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন, বালিগাঁও রক্তদান সংস্থা, জ্ঞানের আলো পাঠাগার, পাঞ্জেরী মানবসেবা ফাউন্ডেশন, পাঁচগাঁও ব্লাড ব্যাংক, ধীপুর বন্ধু মহল, সেবার ফেরিওয়ালা যুব সংঘ ও টঙ্গীবাড়ী স্বেচ্ছায় রক্তদান সংস্থা।

সংগঠনের সদস্য জনি বলেন, টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন শুধু মুমূর্ষু রোগীদের জন্য রক্ত সংগ্রহ ও ম্যানেজ করার কাজই নয়, পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমও নিয়মিতভাবে পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে চালিয়ে যাবে বলে তিনি জানান।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সদস্য হাফেজ মাওলানা রিদুয়ান আহমেদ।