বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বেলা ১২টায় টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুরো বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবমুখর পরিবেশে সাজানো, আর শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ছিল আবেগ আর আনন্দঘন মুহূর্ত।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর কবির। তিনি পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রাথমিক শিক্ষা জীবনের পর আজ তাদের নতুন যাত্রার সূচনা। কঠোর পরিশ্রম, সততা ও শৃঙ্খলাকেই সফলতার মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সহকারী শিক্ষক রিপা দাস, সিমা আক্তার, সাদিয়া ইসলাম এবং আলভী আজাদ শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা ও শুভকামনা জানান। শিক্ষকরা বলেন, প্রাথমিক স্তর থেকেই একজন শিক্ষার্থীর চরিত্র, স্বপ্ন ও ভবিষ্যতের ভিত্তি তৈরি হয়। তাই সঠিক পথে চলার জন্য নৈতিকতা, দায়িত্ববোধ ও আত্মবিশ্বাস গড়ে তোলার আহ্বান জানান তারা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ আঃ হান্নান বেপারী, আঃ কাদির বেপারী, সিমা আক্তার ইলা, সাবিনা আক্তার, আব্দুল্লাহ খান, নুর ইসলাম প্রমুখ। তারা বিদ্যালয়ের উন্নয়ন, ছাত্রছাত্রীদের নিয়মিত পাঠদান ও শৃঙ্খলাবিধি রক্ষায় শিক্ষকদের প্রশংসা করেন।
এই বছর বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে বিদায় নেয় ছেলে ৩২ জন, মেয়ে ২৪ জন মোট ৫৬ জন শিক্ষার্থী।
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার বিতরণ, মিষ্টি খাওয়ানো এবং কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বিদায়ী শিক্ষার্থীদের অনেকে তাদের প্রিয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগাপ্লুত হয়।
শিক্ষক-শিক্ষার্থীর ভালোবাসা, স্মৃতি আর শুভকামনার আবেগঘন পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয় দোয়া-মোনাজাতের মাধ্যমে।