মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাঞ্জেরী মানব সেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং টঙ্গিবাড়ী ব্লাড ফাউন্ডেশন-এর সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কামারখাড়া ইউনিয়নের মিতারা মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় প্রায় চার শতাধিক মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা গ্রহণ করেন।

পাঞ্জেরী মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি বায়েজিদ মুন্না বলেন,

“মানবতার কল্যাণে আমরা নিয়মিত বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকি। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি তারই ধারাবাহিক অংশ।”

টঙ্গিবাড়ী ব্লাড ফাউন্ডেশনের সভাপতি শাহিন শেখ জানান,

“আজকের কর্মসূচিতে প্রায় চার শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরে আমরা আনন্দিত। মানব সেবায় আমরা সবসময় পাশে থাকতে চাই।”

এই প্রোগ্রাম কে উৎসাহী করতে সেবার ফেরিওয়ালা যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি অনিক শেখ ফেসবুকে পোষ্ট করেন

“এরকম মানবিক উদ্যোগের মাধ্যমে নতুন ব্লাড ডোনার তৈরি হয়। এতে রক্তদান সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়ে এবং জরুরি মুহূর্তে রক্তের অভাব অনেকটাই কমে আসে।”

সেবামূলক এই আয়োজনকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানান।