বিটুমিনের তীব্র সংকট ও নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে রেট শিডিউল পরিবর্তনের দাবি জানিয়েছেন মুন্সীগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকেরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত নতুন দরপত্রে (টেন্ডার) অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ এলজিইডি কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঠিকাদারেরা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ঠিকাদারেরা তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, বিটুমিনাস সড়কের পরিবর্তে উপযুক্ত ক্ষেত্রে সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত ইউনি ব্লক দিয়ে সড়ক নির্মাণের অনুমোদন দেওয়া, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে রেট শিডিউল সংশোধন করা এবং রেট শিডিউল পরিবর্তন না হওয়া পর্যন্ত নতুন দরপত্রে অংশগ্রহণ থেকে বিরত থাকা।
ঠিকাদারেরা বলেন, চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিটুমিনের তীব্র সংকট দেখা দিয়েছে। পাশাপাশি নির্মাণসামগ্রীর বাজারমূল্যের সঙ্গে বিদ্যমান রেট শিডিউলের অসামঞ্জস্য থাকায় নির্ধারিত দরে কাজ করা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বিটুমিনাস সড়কের পরিবর্তে উপযুক্ত ক্ষেত্রে ইউনি ব্লক ব্যবহারের সুযোগ দিতে হবে। একই সঙ্গে বর্তমান বাজারমূল্যের সঙ্গে সংগতি রেখে রেট শিডিউল সংশোধন করতে হবে।
তাঁরা আরও বলেন, ঠিকাদারেরা কাজ বন্ধ রাখতে বাধ্য হলে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হবে। তাই জনস্বার্থে তাঁদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঠিকাদার শেখ মোহাম্মদ ইমন, মো. মনির হোসেন, মো. শহিদুল ইসলাম কাজল, ছানু আহমেদ সোহেল, মো. নয়ন, মো. হাবিবুর রহমান সুমন, মো. রাসেল রাজু, মো. আশরাফ উদ্দিন পনি, মো. নূরুল আমিন, মো. রাজন, মো. তুহিন, মো. মিজানুর রহমান ও মো. জাহিদ শাহারী মেহেদী সহ অন্যান্য ব্যক্তিরা।