Thursday, ২৬ নভেম্বর, ২০২৬ | ৯:২৭ pm

ফেসবুকে ছবি দিয়ে ব্ল্যাকমেইল, কিশোরীকে ধর্ষণের অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ফেসবুকে ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার পর ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযুক্ত ব্যক্তির নাম পিয়ার হোসেন হালদার। তিনি উপজেলার হাসাইল গ্রামের বাবুল হালদারের ছেলে। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

কিশোরীর ভাষ্য, পিয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে দীর্ঘদিন ধরে তাঁর যোগাযোগ ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ফেসবুকে ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন পিয়ার। পরে সোমবার তাঁকে মুন্সীগঞ্জে নিয়ে একটি কাগজে স্বাক্ষর করান। এরপর রাজধানী ঢাকার একটি আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় কিশোরীর বাবা টঙ্গিবাড়ী থানায় মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে অভিযোগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার কিশোরীকে নিয়ে অভিযুক্ত পিয়ার হোসেন হাসাইল-বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ানের বাড়িতে যান। সেখানে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ধর্ষণের অভিযোগের মতো গুরুতর অপরাধ গ্রাম্য সালিশে নিষ্পত্তির চেষ্টা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।

অভিযুক্ত পিয়ার হোসেন হালদার বলেন, ‘বিয়ে করে তাকে নিয়ে রাত কাটিয়েছি। বিকেলে বিচারে স্থানীয় লোকজন বসবে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।’

হাসাইল-বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান বলেন, ‘পিয়ার হালদার একটি মেয়েকে ঢাকায় নিয়ে গিয়েছিল। তাঁরা দুজন আবার ফিরে এসেছে। মেয়েটি আমার বাড়িতে আছে। থানার ওসির সঙ্গে যোগাযোগ করলে তাঁরা সামাজিকভাবে সমাধানের কথা বলেছেন। মেয়ের পরিবারের লোকজন এলে তাঁদের হাতে মেয়েটিকে তুলে দেওয়া হবে।’

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ বলেন, ‘কিশোরীর পরিবার নিখোঁজের অভিযোগ করেছিল। তবে এখন পর্যন্ত ধর্ষণের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন