Sunday, ১ নভেম্বর, ২০২৬ | ৪:২৮ pm

কৃষকের অধিকার নিয়ে বেতকার প্রার্থীদের কী চ্যালেঞ্জ দিলেন আজিম সিফাত?

আসন্ন বেতকা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের উদ্দেশে ব্যতিক্রমী এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ জেলার সিনিয়র সহমুখপাত্র আজিম আহম্মেদ সিফাত।

তিনি প্রশ্ন তুলেছেন, সরকারি নির্ধারিত ন্যায্য মূল্যে ইউনিয়নের প্রতিটি ছোট-বড় কৃষকের কাছে সার পৌঁছে দেওয়া এবং জমির পরিমাণ ও প্রয়োজন অনুযায়ী সঠিক মাত্রায় সার প্রয়োগ সম্পর্কে কৃষকদের সচেতন করা সম্ভব কি না?

নিজের এই চ্যালেঞ্জে তিনি নতুন মুখ, সাবেক জনপ্রতিনিধি, বর্তমান চেয়ারম্যান ও মেম্বারসহ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী সব প্রার্থীকে অন্তর্ভুক্ত করেছেন।

আজিম আহম্মেদ সিফাত তাঁর বক্তব্যে বলেন, এই চ্যালেঞ্জের বাস্তবায়ন যদি সত্যিকার অর্থে জনসেবা নিশ্চিত করে এবং সাধারণ ও অসহায় মানুষের স্বার্থ রক্ষা করে, তাহলে তিনি আশাবাদী, প্রার্থীরা সাদরে এটি গ্রহণ করবেন।

তবে এই চ্যালেঞ্জ শতভাগ বাস্তবায়ন করতে না পারলে জনসেবার প্রতিশ্রুতি দেওয়া প্রার্থীদের সদিচ্ছা এবং গুরুত্বপূর্ণ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে তাঁদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কৃষকসহ বিভিন্ন পেশার মানুষের ন্যায্য অধিকার ও প্রাপ্যতা নিশ্চিত করার সদিচ্ছা জনপ্রতিনিধিদের কতটুকু রয়েছে, সেটিও তখন বিবেচনার বিষয় হয়ে দাঁড়াবে।

সবশেষে তিনি বলেন, “জনপ্রতিনিধি হওয়ার প্রতিযোগিতা নয়, মানুষের অধিকার নিশ্চিত করার প্রতিযোগিতা হোক। জনসেবা প্রতিশ্রুতিতে নয়, বাস্তব কাজেই প্রমাণিত হোক।”

আজিম আহম্মেদ সিফাত
সিনিয়র সহমুখপাত্র
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মুন্সিগঞ্জ জেলা

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন