মুন্সিগঞ্জের সিরাজদিখানে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নিমতলা এলাকায় রেললাইনের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।
খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ওই নারী দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন। দুর্ঘটনায় তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।
উদ্ধারের পর আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহটি জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
এদিকে রেললাইন পারাপারের সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস। রেললাইন পার হওয়ার আগে দুই দিক ভালোভাবে দেখে নেওয়া, রেললাইনের ওপর অপ্রয়োজনে অবস্থান না করা এবং চলাচলের সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।