Monday, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:২১ am

নামাজ শেষে ফেরার পথে হামলা, পিতাসহ ছাত্রশক্তির মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক আহত। অভিযোগ জামিনে থাকা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক শিশির হাসানের (৩০) ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশির হাসান ও তার বাবা আনোয়ার হোসেন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ বেতকা নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী শিশির হাসানের অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় ছাত্রলীগ নেতা শুভ বাগজার পরিকল্পনায় এ হামলা চালানো হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে শিশির হাসানদের সঙ্গে বেতকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শুভ বাগজাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরোধ চলে আসছিল। এরই মধ্যে কিছুদিন আগে পুলিশ শুভ বাগজাকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে কারাগার থেকে বের হয়ে আসেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রবিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে শিশির হাসান তার বাবা আনোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। দক্ষিণ বেতকা নতুন বাজার এলাকায় পৌঁছালে একদল লোক তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন শিশির হাসান। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত বাবা-ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শিশির হাসান বলেন, ‘আওয়ামী লীগের সবুজ, জুয়েল, আজিজ বাগজা, রিফাত ও রেদোয়ান হঠাৎ আমাদের ওপর অতর্কিত হামলা চালান। তারা আমার বাবা ও আমাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করেন। আমরা প্রতিরোধের চেষ্টা করি। মূলত শুভ বাগজার পরিকল্পনাতেই এ হামলা করা হয়েছে। আমি থানায় অভিযোগ করছি।’

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শুভ বাগজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার পরিবারের কোনো সদস্যের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের পাওয়া যায়নি। এ বিষয়ে ভুক্তভোগী পক্ষ অভিযোগের প্রস্তুতি নিচ্ছে বলে জেনেছি। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন