Saturday, ১০ অক্টোবর, ২০২৬ | ৬:০৬ am

সোনারংয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ সীমানা বেড়া ভাঙচুর ও গাছপালা কেটে ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির।

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং (সেগুনতলা) এলাকায় এক প্রবাসীর ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা, সীমানা বেড়া ভাঙচুর, গাছপালা কেটে ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় পশ্চিম সোনারং এলাকার বাসিন্দা আলেয়া বেগম (৫৫) টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে আনিছ মল্লিক (৫২), আলামিন মল্লিক (৩৬), টিপু (৩৫), তার মা ও আরও ২-৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আলেয়া বেগমের ছেলে মো. জুয়েল হালদার, বর্তমানে সিঙ্গাপুর প্রবাসী। তিনি ২০২১ সালে অভিযুক্তদের কাছ থেকে ৪ দশমিক ৫ শতাংশ জমি ক্রয় করেন। এরপর থেকে পরিবারটি ওই জমি ভোগদখল করে আসছে।

আলেয়া বেগমের অভিযোগ, দীর্ঘদিন ধরে আনিছ মল্লিক ও আলামিন মল্লিক ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন। পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, ১৬ জুন ২০২৬ সকাল আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা ওই জমিতে প্রবেশ করে সীমানা খুঁটি, টিনের বেড়া ও সিমেন্টের খুঁটি উঠিয়ে ভাঙচুর করেন এবং নতুন খুঁটি স্থাপনের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে পরিবারের সদস্যদের মারধরের জন্য উদ্যত হওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ১৪ আগস্ট ২০২৬ বেলা আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা পুনরায় জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় তারা টিনের সীমানা বেড়া ভাঙচুর এবং বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ফেলেন। এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।

এ বিষয়ে আলেয়া বেগম অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন