মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আপন দুই ভাইকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের খলাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন খলাগাঁও গ্রামের মৃত মজিবর হাওলাদারের ছেলে রাজিব আহাম্মদ (৩২) ও মোহাম্মদ আলী ওরফে শাকিল (৩৫)।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন একই এলাকার সান্টু হাওলাদারের ছেলে তাছিন (১৫), তার স্ত্রী শারমিন (৩০) ও মেয়ে সানজিদা (১৩)।
ডিএসবি টঙ্গীবাড়ী জোন সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাছিন ঘর থেকে ছুরি এনে রাজিব আহাম্মাদের পিঠে এবং মোহাম্মদ আলীর গলায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
ছুরিকাঘাতে গুরুতর আহত দুই ভাইয়ের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে টঙ্গীবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।