Thursday, ৫ নভেম্বর, ২০২৬ | ৭:২৭ pm

গরু কেনার ৮ লাখ টাকা নিয়ে উধাও কর্মচারী, ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা উপহার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গরু কেনার জন্য দেওয়া ৮ লাখ টাকা নিয়ে এক কর্মচারীর উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রাজিয়া বেগম (৬৬) টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আড়িয়ল ইউনিয়নের নিতিরা গ্রামের বাসিন্দা রাজিয়া বেগমের ছেলে আব্দুল রাজ্জাক শেখের গরুর খামারে প্রায় পাঁচ মাস ধরে মাসিক বেতনে কাজ করছিলেন মো. শাকিল (৪৮)। কাজের সুবাদে তিনি খামারের মালিকের আস্থাভাজন হয়ে ওঠেন এবং এর আগেও একাধিকবার টাকা নিয়ে গরু কিনে আনেন।

অভিযোগে আরও বলা হয়, গত ২৩ জুলাই ২০২৬ সকাল সাড়ে ৭টার দিকে গরু কেনার উদ্দেশ্যে আব্দুল রাজ্জাক শেখ তার কর্মচারী শাকিলকে মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসতে পাঠান। পরে রাজিয়া বেগম নিজের বসতঘর থেকে ছেলের ৮ লাখ টাকা শাকিলের হাতে তুলে দেন। কিন্তু টাকা নেওয়ার পর তিনি খামারে ফিরে না গিয়ে অজ্ঞাত স্থানে চলে যান।

পরে শাকিলের ব্যবহৃত দুটি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও উভয় নম্বরই বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা তার ভাড়া বাসাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে বা তার পরিবারের কাউকে খুঁজে পাননি। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ঘটনার প্রায় তিন দিন আগে শাকিল তার পরিবার নিয়ে ভাড়া বাসা ছেড়ে চলে গেছেন।

বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে রাজিয়া বেগম টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন