Monday, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:১৫ am

বোনের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ সৎ ভাইয়ের বিরুদ্ধে

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব কামারখাড়া গ্রামে বসতবাড়ি থেকে বের হওয়ার একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী এক নারী।

আবেদনকারী মরিয়ম বেগম অভিযোগ করেন, প্রায় দীর্ঘ ৩০ বছর ধরে তিনি ও তাঁর পরিবার যে রাস্তা ব্যবহার করে যাতায়াত করে আসছিলেন, সেটি তাঁর সৎ ভাই ইউনুছ শেখ বন্ধ করে দিয়েছেন ১ মাস যাবৎ। ফলে পরিবারের সদস্যদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

তিনি আরও জানান, বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি। পরে বাধ্য হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগ বিষয়ে ইউনুছ শেখ বলেন, আমি রাস্তা বন্ধ করিনি। সারাদিন খোলা থাকে, এশার নামাজ পরে এসে তালা দিয়ে রাখি। ওই (বোন) মানুষের কাছে মিথ্যা অভিযোগ করে।

এ বিষয়ে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রকৃত ঘটনা যাচাই করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দ্রুত তদন্ত করে চলাচলের পথ উন্মুক্ত করার পাশাপাশি স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও একাধিক স্থানীয়রা।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন