Tuesday, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:৪১ am

টঙ্গীবাড়ীতে মহাসড়কের মাঝখানে মরণফাঁদ: যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী-মুক্তারপুর মহাসড়কের বড়লিয়া ব্রিজের ঢালে রাস্তার চরম বেহাল দশা সৃষ্টি হয়েছে। মহাসড়কের ঠিক মাঝখানে তৈরি হয়েছে বিশাল ও গভীর গর্ত, যা বর্তমানে ওই রুটে চলাচলকারী যাত্রী ও চালকদের জন্য এক আতঙ্কের নাম। সামান্য বৃষ্টিতেই এই গর্তে পানি জমে ডোবার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, যার ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
​সরেজমিনে দেখা গেছে, বড়লিয়া ব্রিজের ঢাল ঘেঁষে পিচ ও খোয়া উঠে গিয়ে রাস্তাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির পানি জমে পুরো সড়কটি কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়েছে। গর্তের গভীরতা এতটাই বেশি যে, দূর থেকে চালকদের পক্ষে এর গভীরতা আঁচ করা সম্ভব হয় না। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা সতর্কতাস্বরূপ গর্তের মাঝখানে একটি লাল কাপড় বেঁধে বাঁশ পুঁতে রাখলেও তা রাতে কিংবা দ্রুতগতির যানবাহনের জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ।
​এই ব্যস্ততম মহাসড়ক দিয়ে প্রতিদিন বাস, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেলসহ শত শত যানবাহন চলাচল করে। ভাঙা ও ঝুঁকিপূর্ণ এই অংশের কারণে ব্রিজের ঢালেই প্রতিনিয়ত যানবাহনের গতি থমকে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে যানজট। বিশেষ করে ইজিবাইক ও মোটরসাইকেলগুলো গর্তে পড়ে উল্টে যাওয়ার উপক্রম হচ্ছে।
​স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারী চালকদের দাবি, সড়কটির এই অংশ দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় উল্টে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা এবং প্রাণহানি ঘটতে পারে। জনস্বার্থে ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে এই মরণফাঁদ মেরামতের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

(more…)

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন