চলমান এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগ লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে টঙ্গীবাড়ি উপজেলা ছাত্রদল। শনিবার (৪ জুলাই) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও কলেজ পরীক্ষা কেন্দ্রে উপজেলা ছাত্রদলের নেতা পলক সিকদারের নেতৃত্বে পরীক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ, বিশুদ্ধ পানীয় পানি ও স্যালাইনের ব্যবস্থা এবং কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হয়।
এর আগে অনুষ্ঠিত পরীক্ষায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদ কর্মীদের কাছে অনেক অভিভাবক অভিযোগ করেন যে, দীর্ঘ সময় অপেক্ষা করলেও তাদের বসার কোনো ব্যবস্থা নেই। বিষয়টি স্থানীয় রাজনৈতিক নেতাদের নজরে আনা হলে দ্রুত উদ্যোগ নেন টঙ্গীবাড়ি উপজেলা ছাত্রদলের নেতা পলক সিকদার। তারই উদ্যোগে আজকের পরীক্ষায় এই মানবিক আয়োজন বাস্তবায়ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিক্রমপুর টঙ্গীবাড়ি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ, বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের নেতারা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী বলেন, “পরীক্ষার আগে কলম, পানি ও স্যালাইনের মতো প্রয়োজনীয় জিনিস হাতে পেয়ে অনেক ভালো লেগেছে। এমন উদ্যোগ আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।”
একজন অভিভাবক বলেন, “গত পরীক্ষায় রোদে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আজ বসার ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও স্যালাইন পেয়ে অনেক স্বস্তি পেয়েছি। যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের ধন্যবাদ জানাই।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার্থী ও অভিভাবকদের কষ্টের কথা জানতে পেরে মানবিক দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
টঙ্গীবাড়ি উপজেলা ছাত্রদলের নেতা পলক সিকদার বলেন, “পরীক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তারা যেন স্বস্তিতে পরীক্ষা দিতে পারে এবং তাদের অভিভাবকরা যেন কষ্ট না পান, সেই চিন্তা থেকেই আমাদের এই মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে ছাত্রদল থাকবে।”
স্থানীয়দের মতে, চলমান এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে এমন উদ্যোগ প্রশংসনীয়। পলক সিকদারের নেতৃত্বে ছাত্রদলের এই মানবিক কার্যক্রম উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে।