মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৯টা ২৫ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে মোবাইল ফোনে খবর আসে যে, ছনবাড়ী এলাকায় আল-মদিনা মসজিদের পাশে রেললাইনের পাশে এক নারীর মরদেহ পড়ে রয়েছে।
সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ পুলিশি তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।