Monday, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:১৫ am

আড়িয়ল ইউনিয়নে তরুণ স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বিভিন্ন স্থানে কালিমা খচিত পতাকা স্থাপন।

ইসলামী মূল্যবোধ, ধর্মীয় চেতনা ও নৈতিক আদর্শকে সমাজে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন একদল তরুণ স্বেচ্ছাসেবী। শনিবার (২৮ জুন) সকাল থেকেই ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনবহুল এলাকায় তারা কালিমা খচিত পতাকা উত্তোলন করেন।

স্বেচ্ছাসেবীরা জানান, এ উদ্যোগের মূল উদ্দেশ্য কোনো রাজনৈতিক বা সাংগঠনিক প্রচারণা নয়; বরং ইসলামের মহান বাণী “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)”-এর প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধাবোধ ও সচেতনতা বৃদ্ধি করা।

স্থানীয়দের অনেকেই এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, তরুণদের এমন ধর্মীয় ও নৈতিক মূল্যবোধভিত্তিক কর্মকাণ্ড সমাজে সুন্দর বার্তা পৌঁছে দেবে এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কাজে উৎসাহিত করবে।

উদ্যোক্তারা আরও জানান, আড়িয়ল ইউনিয়নের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও কালিমা খচিত পতাকা স্থাপন করা হবে। পাশাপাশি সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে ভবিষ্যতেও তারা বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবেন।

উল্লেখ্য, তরুণদের এ উদ্যোগ ইতোমধ্যে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং অনেকেই তাদের এমন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের প্রশংসা করেছেন।

ছবির ক্যাপশন:
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নে তরুণ স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বিভিন্ন স্থানে কালিমা খচিত পতাকা উত্তোলন কার্যক্রমের একাংশ।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন