মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার রংমেহের এলাকার এরশাদ শেখ শখের বসে গড়ে তুলেছেন একটি গরুর খামার। সেই খামারের সবচেয়ে আলোচিত গরু “টাইগার” এখন এলাকায় ব্যাপক পরিচিতি পেয়েছে। তবে প্রায় ১৩ লাখ টাকা খরচ করেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিপাকে পড়েছেন এই খামারি।
খামারি এরশাদ শেখ জানান, প্রায় ৮ লাখ টাকা দিয়ে গরুটি কেনার পর গত কয়েক মাসে খাবার, চিকিৎসা ও পরিচর্যায় আরও প্রায় ৫ লাখ টাকা খরচ হয়েছে। সব মিলিয়ে “টাইগার” গরুর পেছনে তার ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১৩ লাখ টাকা।
তিনি বলেন, “দুই দিন আগেও গরুটির দাম ৭ লাখ টাকা বলা হয়েছিল। এখন সেটাও কমে ৬ লাখ টাকায় নেমে এসেছে। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কায় আছি।”
স্থানীয়দের কাছে গরুটি এখন “টঙ্গীবাড়ীর টাইগার” নামেই পরিচিত। বিশাল আকৃতির এই গরুটি বর্তমানে লৌহজং উপজেলার ক্ষেতেরপাড়া গাংচিল হাটের সবচেয়ে বড় গরু হিসেবে আলোচনায় রয়েছে। প্রতিদিন গরুটি দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ।
খামারির দাবি, গরুটির আকার, স্বাস্থ্য ও পরিচর্যার মান অনুযায়ী এর প্রকৃত মূল্য আরও বেশি হওয়া উচিত। কিন্তু বাজারে বড় গরুর ক্রেতা কম থাকায় প্রত্যাশিত দাম মিলছে না।