Tuesday, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:৪৫ am

পেশাগত মর্যাদা ও নিরাপত্তার দাবিতে টঙ্গীবাড়ীতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) টঙ্গীবাড়ী শাখা।
সোমবার (১১ মে) সকাল সাড়ে ১১টায় টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আয়োজিত এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত বিপুল সংখ্যক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। এসময় তারা বলেন, “দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী।” বক্তারা দাবি করেন, দেশের ওষুধ শিল্প অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত হলেও এ খাতের প্রতিনিধিরা বিভিন্ন সময় কর্মক্ষেত্রে অবমূল্যায়ন ও হয়রানির শিকার হন।
বক্তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা শুধু ওষুধ বিপণনের কাজই করেন না, বরং স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। করোনা মহামারির সময় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে যেসব রিপ্রেজেন্টেটিভ মৃত্যুবরণ করেছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়।

মানববন্ধন থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা দেওয়ার পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন সংগঠনের নেতারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফারিয়া টঙ্গীবাড়ী শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ লিটন সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক বাইনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন