অনিক শেখ, টঙ্গীবাড়ী প্রতিনিধি
তারিখ: ২০ এপ্রিল ২০২৬
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওজনে কম দিয়ে দুগ্ধজাত পণ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়নের টঙ্গীবাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দুগ্ধজাত প্রক্রিয়াজাত পণ্যে নির্ধারিত ওজনের চেয়ে কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়।
এ সময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-এর ২৯ ধারা ভঙ্গের অপরাধে ৪৬ ধারায় ১টি মামলায় ১ জন আসামিকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে অভিযুক্ত ব্যবসায়ীসহ উপস্থিত অন্যান্য ব্যবসায়ী ও ভোক্তাদের পণ্যের সঠিক দাম, মান ও ওজন সম্পর্কে সচেতন করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।