কেমিস্ট ছাড়াই কসমেটিকস উৎপাদন, মুন্সীগঞ্জে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কেমিস্ট ছাড়াই বিভিন্ন ধরনের কসমেটিকস উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর দেড়টা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার নিমতলা কোটগাঁও এলাকায় অভিযান ও মনিটরিং পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়।
অভিযানকালে ফ্যান্সি লিমিটেড কসমেটিকস ফ্যাক্টরি পরিদর্শন করে দেখা যায়, কোনো কেমিস্ট ছাড়াই বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করে ক্রিম, লোশন, শ্যাম্পু, নেইল পলিশ রিমুভার, ফেসিয়াল স্ক্রাব ও আফটার শেভসহ বিভিন্ন কসমেটিকস পণ্য উৎপাদন করা হচ্ছে। এছাড়া উৎপাদিত পণ্যের কোনো ধরনের মান পরীক্ষা করা হচ্ছিল না।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কারখানাটির ম্যানেজার আল মামুনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দ্রুত একজন যোগ্য কেমিস্ট নিয়োগ দিয়ে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করে কসমেটিকস উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় সহযোগিতা করেন সিরাজদিখান উপজেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলম মিয়া এবং সিরাজদিখান থানা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের মনিটরিং ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।





আপনার মতামত লিখুন